মক্কার অদূরে হুথিদের একটি ড্রোন প্রতিহত করার সংবাদের দিকে কড়া নজর রাখছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলামের পবিত্রতম নগরী মক্কার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে—এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। সৌদি আরবের বাসিন্দাদের পাশাপাশি হজ পালন করতে আসা যাত্রীদের সুরক্ষায় সৌদি সরকার যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে, মালয়েশিয়া তাকে স্বাগত জানায় এবং দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেন, এই ঘটনা প্রমাণ করে যে, সংশ্লিষ্ট পক্ষগুলোর এমন কোনো কাজ করা ঠিক হবে না যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। জনবহুল এলাকা, বিশেষ করে পবিত্র স্থানগুলোতে যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। একইসঙ্গে, উত্তেজনা নিরসনে সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
অন্যদিকে, পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগটি দৃঢ়ভাবে নাকচ করেছে হুথি গোষ্ঠী। সৌদি আরবের এই অভিযোগকে তারা ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে। ড্রোন হামলা সংক্রান্ত এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।