ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় বাস, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল এবং একই সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সেসময় ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগামী বাস মাহিন্দ্রাটিকে সজোরে ধাক্কা দেয় এবং এরপর সিএনজির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতরা সবাই দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী ছিলেন। ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করে।