এই অঞ্চলের সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল পরিকল্পিতভাবে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিভেদ তৈরি করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, এই দেশগুলো মুসলিম বিশ্বের আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাচ্ছে।
ইরানি কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন পেজেশকিয়ান। তবে তিনি জোর দিয়ে বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে ইরান এখন নজিরবিহীন জাতীয় ঐক্য প্রদর্শন করছে।
ইয়েমেনের চলমান সংঘাতের বিষয়টি তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি আরবকে আলোচনার মাধ্যমে নিজেদের সংকট নিরসন করতে হবে। এক্ষেত্রে ইরান মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করতে পারে। ইয়েমেনের সাম্প্রতিক ঘটনার সাথে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করলেও, হুতিদের আর্থিক ও সামরিক সহায়তার পেছনে তেহরানের জোরালো ভূমিকার অভিযোগ বরাবরই রয়েছে। দেশটিতে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত এখনো অব্যাহত আছে।