বাগেরহাট জেলা কারাগারে শুক্রবার সকালে নাশতা খাওয়ার সময় এক কয়েদির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত চান মিয়া ফকির (৬০) মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের প্রয়াত হেলাল উদ্দিনের ছেলে ছিলেন।
কারাগারের জেল সুপার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সকালের খাবার খাওয়ার সময় চান মিয়ার শ্বাসনালিতে খাবার আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হলে তাৎক্ষণিকভাবে তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানিয়েছেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।