বঙ্গোপসাগরে টহলের সময় মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার রাতে সেন্ট মার্টিন বাতিঘর থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে এই অভিযান পরিচালিত হয়। নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস খালিদ বিন ওয়ালিদ’ এই উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মাছ ধরার ট্রলার ‘এফভি ক্রিস্টাল-১’ সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের ট্রলারকে ভাসতে দেখে নৌবাহিনীকে অবহিত করে। এরপর নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাঠের ট্রলারটি উদ্ধার করে। বিকল ইঞ্জিন ও পাম্পের কারণে ট্রলারটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা পানি নিষ্কাশন করে ট্রলারে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন। মাছ ধরার ট্রলারটি সাহায্য করতে এগিয়ে গেলে তাতে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকি ৬৫ জন ভুক্তভোগী, যাদের অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় বন্দি রেখেছিল পাচারকারীরা। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছিল। নৌবাহিনী গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার ৭৬ জনের মধ্যে ১১ জন পাচারকারী চক্রের সদস্য। নৌবাহিনী জানায়, ট্রলারটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় লোক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।