অ্যালকোহল ও মদজাত পণ্যের অবৈধ উৎস অনুসন্ধান, রাজস্ব ফাঁকি রোধ এবং অননুমোদিত গ্রাহকের কাছে পণ্য বিক্রির অভিযোগে রাজধানীর চারটি বারে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার ৩ অক্টোবর এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দলগুলো এই যৌথ অভিযান চালায়। সংস্থার জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযান চালানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এদের মধ্যে ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক হলেন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) নেতৃত্বে চারটি পৃথক দল এই অভিযানে অংশ নেয়। এছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা অধিদপ্তর এবং ঢাকা উত্তরের ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা এতে সহায়তা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছু বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে প্রতিটি প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই-বাছাই করছেন এবং মজুত থাকা অ্যালকোহলের বৈধতা পরীক্ষা করছেন। প্রতিষ্ঠানগুলোর আমদানি দলিল, ক্রয়সংক্রান্ত কাগজ এবং শুল্ক-কর পরিশোধের তথ্যাদি খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের রাজস্ব ফাঁকি বা অনিয়মের প্রমাণ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআর সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে সিআইআইডি জানিয়েছিল যে, শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর অনুমোদিত ওয়্যারহাউসের বাইরেও দুটি অননুমোদিত স্থানে অ্যালকোহল রাখা হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। মূলত কূটনীতিকদের জন্য নির্ধারিত শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুসন্ধান চলছিল।
এদিকে, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নোটিশ দিয়েছে। সম্প্রতি মিরপুরের ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলার ঘটনার পর এই আর্থিক তদন্তের বিষয়টি প্রকাশ্যে আসে, যেখানে সালমান হামলার জন্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করেছিলেন।