নাগরিকদের জানমালের সুরক্ষা ও শান্তি নিশ্চিত করা ব্যর্থ হলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৪ অক্টোবর (রবিবার) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও জননিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জামায়াত আমির রাজধানীসহ সারাদেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি বিমানবন্দরে দলের সংসদ সদস্যদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানান। বিশেষ করে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন তিনি। শফিকুর রহমানের দাবি, মেজর আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’। এই অনভিপ্রেত ঘটনাটি হালকাভাবে না নেওয়ার জন্য দেশবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আখতারুজ্জামানকে হাতকড়া পরানোর সময় তিনি ডিবি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমাকে হাতকড়া পরান। বিষয়টিকে তিনি সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন। জনগণের চোখ ধাঁধাঁতে একজনকে সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। একটি সরকারি মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, জনগণের টাকা ঘাটে ঘাটে ও প্রতিটি স্থানে চুরি করা হচ্ছে, আর আমরা এসব দেখে চুপচাপ বসে থাকব না। ডেঙ্গুকে মহামারির মতো বিবেচনা করে তিনি এর প্রকোপ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতার ডাক দেন। তিনি আরও বলেন, এই সরকার নিজেরাও কোনো কাজ করছে না, আবার অন্যদেরও কাজ করতে দিচ্ছে না। পরিশেষে সরকারের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ধাক্কা দিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে সেই দায়িত্ব এমন প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে, যারা জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম। তাদের অযোগ্যতার কারণে রাষ্ট্র পরিচালনার ভার আর এভাবে চলতে দেওয়া যায় না।