লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাকে একটি স্বেচ্ছাচারী ও অসাংবিধানিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। গত রোববার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে বলেন, যে কোনো প্রক্রিয়ায় বিশাল সংখ্যক ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা তাদের নিজ দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা স্বাভাবিকভাবেই স্বেচ্ছাচারী কর্মকাণ্ড।
বিচারপতির মতে, এমন কোনো পালটা যুক্তি বা ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় যা সংবিধানের মূল কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। ভারতের সংবিধানে নাগরিকের মধ্যে ভোটাধিকারপ্রাপ্ত বা ভোটাধিকারবিহীন এমন কোনো বিভাজন স্বীকৃত নয়। বিচারপতি ভূঁইয়া গুরুত্ব দিয়ে বলেন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয়দের বড় অংশকে ভোটাধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়, তা মূলত ভারতীয় সংবিধানের ১৪ ও ৩২৬ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বর্তমানে দেশজুড়ে নানা বিতর্ক চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এসআইআর প্রক্রিয়ার আওতায় দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
যদিও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তার বক্তব্যে সরাসরি নির্বাচন কমিশন বা এসআইআর প্রক্রিয়ার নামোল্লেখ করেননি, তবে বর্তমান পরিস্থিতিতে তার এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটাধিকার নিয়ে সাংবিধানিক যে অবস্থান তিনি তুলে ধরেছেন, তা নিয়ে বিচারিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।