ভারতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বৃহস্পতিবার থেকে বড় আকারের বিক্ষোভ শুরু হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো এসআইআর কার্যক্রমকে ‘ভোট চুরি’ হিসেবে চিহ্নিত করে তার প্রতিবাদ করা। বিক্ষোভে উপস্থিত হয়ে আয়োজকরা ভোটার তালিকা থেকে নাম বাতিলের স্বপক্ষে বিভিন্ন ভিডিও প্রমাণও তুলে ধরেন।
বিক্ষোভের মঞ্চে উপস্থিত হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী ও প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। সেখানে একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগীরা সরাসরি ভোটার তালিকা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। সিজেপি জানিয়েছে, বিক্ষোভের অংশ হিসেবে পরবর্তীতে ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা প্রদর্শন করে নিজেদের ক্ষোভ প্রকাশের কর্মসূচি পালন করা হবে। এরপর ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুড়ে প্রতিবাদের আয়োজন করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
ফ্রিডম পার্কে উপস্থিত হয়ে অভিনেতা প্রকাশ রাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ভোটারদের অপমান করা হচ্ছে। রাজনীতিবিদরা পাঁচ বছরে একবার মাত্র ভোটের সময় জনগণের দ্বারে যান, আর এখন ভোটারদের নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য কার্যালয়ের সামনে ভিক্ষার মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আহ্বানে ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ ছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরাসহ বিভিন্ন যুব ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বুধবার থেকেই এই নেতাদের কর্মসূচিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। পরে ধ্রুব রাঠীও তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেন।
বিক্ষোভকারীদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে পূর্বের ভোটার তালিকা বহাল রাখতে হবে। একইসঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের দায়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের জোরালো দাবি জানিয়েছেন তারা। তবে এসআইআর কার্যক্রম ও এই বিক্ষোভের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।