বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা এলাকাকে অবৈধ দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। এরপর ক্রমান্বয়ে বিএম কলেজ এলাকা এবং চৌমাথা লেক পাড়ের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাটবাজার শাখার প্রধান রেজাউলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখল করে রাখা ক্ষুদ্র দোকান ও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করা হয়েছে।
নগরের পরিবেশ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের কার্যক্রম চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। তিনি সাংবাদিকদের জানান, জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাসিন্দাদের অনেকের অভিযোগ, এসব এলাকায় আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযানের দু-একদিন পার হতে না হতেই প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ফের ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। ফলে স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর মধ্যে সংশয় রয়েই গেছে।