শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা হয়ে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রংপুর মহানগরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর থেকে রংপুর মহানগর পর্যন্ত রাস্তার দুই পাশে সাজসাজ রব ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকায় চার স্তরের কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের পাশাপাশি ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দিরে (রংপুর ধর্মসভা) পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।
পুরো সফরের প্রতিটি স্তরে সরকারিভাবে সর্বোচ্চ সতর্কাবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সম্পন্ন হতে যাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসবকে ঘিরে প্রধানমন্ত্রীর এই পরিদর্শন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা পুরো রংপুর জেলাজুড়ে প্রতিফলিত হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রতিটি মোড়ে মোড়ে কঠোর নিরাপত্তা বলয় ও বিশেষ নজরদারি রাখা হয়েছে যাতে সফরটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।