ফিলিপাইনে প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমান দুটিতে থাকা চারজন পাইলটই প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির আকাশে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমান দুটি এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান ছিল।
ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, বিমানগুলো ঘাঁটির সীমানার ভেতরেই আছড়ে পড়েছে এবং এতে বাইরের কেউ হতাহত হননি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু হয়েছে। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ মডেলের সব প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনের সামরিক বিমান বহরে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে প্রশিক্ষণ মহড়ার সময় একই মডেলের আরও একটি বিমান বিধ্বস্ত হলে দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।