সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিখুঁত হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী বিমানবন্দরটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতেও একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। তবে এসব দাবির বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সৌদি বাহিনী রিয়াদের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টা পরই হুতিদের পক্ষ থেকে এই হামলার বিবৃতি আসে। হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।
রোববারও রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল হুতিরা। এর আগে হুতিরা অভিযোগ করেছিল যে, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। উভয় পক্ষের এসব হামলা ও পাল্টা হামলার দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।