ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ কিংবা নির্বাচনী ফলাফল প্রভাবিত করার কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করার যে অভিযোগ উঠেছে, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাজেদ আল-আনসারি বলেন, কাতার ইসরাইলের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বা এ সংক্রান্ত কোনো কার্যক্রমে অর্থায়ন করেনি। এই অভিযোগগুলোকে তিনি একই সঙ্গে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলের কয়েকজন রাজনীতিবিদ এবং তাদের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যমকর্মীরা পরিকল্পিতভাবে এসব অভিযোগ সামনে আনছেন। এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির বামপন্থি রাজনৈতিক দলগুলোর ওপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছিল। বর্তমানে আরব ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দোহা পুনরায় নিশ্চিত করেছে।