সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতি নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে পূর্ত ভবনের সম্মেলনকক্ষে দেশের আটটি বিভাগের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীর (সিভিল) পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো লটারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।
লটারির ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন বিভাগে পদায়ন পাওয়া প্রকৌশলীদের সংখ্যা নিচে দেওয়া হলো:
ঢাকা বিভাগ: ৩১৭ জন
চট্টগ্রাম বিভাগ: ১৩৩ জন
খুলনা বিভাগ: ৭৪ জন
রংপুর বিভাগ: ৬৪ জন
রাজশাহী বিভাগ: ৭৩ জন
বরিশাল বিভাগ: ৪৪ জন
সিলেট বিভাগ: ৩৩ জন
ময়মনসিংহ বিভাগ: ২৯ জন
নির্বাচিত এসব উপসহকারী প্রকৌশলীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়েছে।
লটারির মাধ্যমে বদলি কার্যক্রম প্রসঙ্গে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, “লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।”
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, “প্রথমবারের মতো এ ধরনের লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশরাফুল হক, মো. আলমগীর খান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপসহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।