চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক সাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজুল ইসলাম স্থানীয় খালে আলমপুর গ্রামের মৃত আমিনের ছেলে। ঘটনার সময় তিনি সাইকেলে করে নিজের কলার বাগানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তোফাজুল ইসলামের সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পাশের একটি পুকুরে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলে থাকা দুই আরোহীও এই সংঘর্ষে মারাত্মকভাবে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত মোটরসাইকেল চালক শুকুর আলী (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের আনোয়ারের ছেলে এবং অপর আরোহী সানি (২৬) বালুগ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল ওজিদ তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই জামতলা বাজারে তোফাজুল ইসলামের মৃত্যু হয়। ভোলাহাট থানার এসআই আব্দুল বসীর জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।