পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পুনর্ব্যক্ত করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এটি ছিল দায়িত্ব পাওয়ার পর হাইকমিশনারের সঙ্গে প্রতিমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে—আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে।
সফরের সময়সূচী নিয়ে বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গুঞ্জন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, তিনি কেবল বাস্তবতার ভিত্তিতেই কথা বলেন। তার ভাষ্যমতে, দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে, তবে সংলাপ ও আলোচনার মাধ্যমেই তা নিরসন করা সম্ভব। উভয় দেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করলে অদূর ভবিষ্যতে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। যখন সফরের জন্য পরিবেশ পুরোপুরি অনুকূল হবে, তখনই আলোচনার মাধ্যমে সফরের তারিখ ও সময় চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তাদের মধ্যে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলাপ হয়নি। এটি ছিল একান্তই সৌজন্য সাক্ষাৎ। বর্তমান পরিস্থিতি এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার বিষয়ে প্রতিমন্ত্রী আশাবাদী। সব মিলিয়ে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমেই সফরের বিষয়টি নির্ধারিত হবে বলে তিনি আবারও পরিষ্কার করেন। নভেম্বরে সফর হতে পারে-এমন গুঞ্জনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গুঞ্জন নিয়ে তো আমি আলাপ করতে পারি না।