শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে তার নিজের প্রতিষ্ঠানে বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারের সত্যতা মিলেছে। এই ঘটনার জেরে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রুকনুজ্জামান একটি প্রিপেইড মিটার সংযোগ নিয়েছিলেন। তবে দীর্ঘ ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ না করায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের মনে সন্দেহ দানা বাঁধে। এরপর কর্মকর্তারা ওই বিদ্যুৎ সংযোগটি সরেজমিনে পরিদর্শনে যান। সেখানে তারা দেখতে পান যে, বৈধ প্রিপেইড মিটারের পাশ দিয়ে গোপনে টানা একটি অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। হাতেনাতে এই কারচুপি সনাক্ত করেন কর্মকর্তারা।