প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
পদত্যাগপত্র জমা দিয়ে স্পিকারের কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। তবে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, তিনি কেবল স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছিলেন এবং কথা বলেছেন।
সম্প্রতি গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভেঙে গুঁড়িয়ে দেওয়ার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানোর পর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। এরপরই এই সমিতির নাম ও কার্যক্রম সামনে আসে। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এই সমিতির সাথে জড়িত বলে অভিযোগ ওঠে, যারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা। তারা ওই সমিতির সাধারণ সদস্য হলেও মূল নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল এবং এলাকায় তারা এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন এবং সেই সময়ে তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতির দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে তিনি এই সমিতির সাথে যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।
এই ঘটনার জেরে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পাশাপাশি বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের ১৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।