গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের তথ্য অনুযায়ী, এই সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৪২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬২৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৪ জন। এই দীর্ঘ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ শিশু, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।
পরিসংখ্যান বলছে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট এক হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১২ জন শিশু।