নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া অপূর্ব দুর্গাপুরের উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানিয়েছেন, অপূর্ব ওই এলাকায় পরিচিত অপরাধী তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী।
এর আগে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে নিজের বাড়ির পাশের একটি দোকানে অবস্থান করার সময় দুর্বৃত্তরা সাংবাদিক আলিফকে লক্ষ্য করে গুলি চালায়। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের অদূরে তেলনজিয়া গ্রামে এই হামলার ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে নিয়মিত বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতেন তিনি। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।