ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এর আগে গত ১২ অক্টোবর হাইকোর্ট এক রায়ে গ্রামীণ কল্যাণের পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন। করদাবির বৈধতাকে চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা দুটি পৃথক রিট পিটিশন গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ খারিজ করে দেন। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ আপিল বিভাগে আবেদন করে। প্রতিষ্ঠানটির পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর দ্রুত আদায়ের নির্দেশসংক্রান্ত ওই অংশটি স্থগিত করেছেন।