জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এক প্রাণবন্ত ‘সাংবাদিক আড্ডা’র আয়োজন করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা থেকে আগত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিকদের মধ্যে পেশাগত বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ সময় কাদের গণি চৌধুরী দেশের বর্তমান সাংবাদিকতার সামগ্রিক প্রেক্ষাপট, গণমাধ্যমের নানামুখী সংকট ও চ্যালেঞ্জ এবং এ পেশার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
গুরুত্বপূর্ণ এই আড্ডায় আরও অংশ নেন বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মনজু, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের, সাঈদ তারেক, এবিএম সালেহ উদ্দীন, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এবং মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী। উপস্থিত সুধীজন প্রবাসে ও দেশে কর্মরত সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।