জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে দেশে ফেরার উদ্দেশ্যে স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩০ মিনিটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকার পথে রওনা হয়েছে।
সফরের সময়সূচী অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছাবে। এরপর সেখান থেকে বিরতিহীনভাবে রাত ২টায় রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।
উল্লেখ্য, এবারের নিউইয়র্ক সফরে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের এই ব্যস্ত কর্মসূচিতে তিনি জাতিসংঘের বিভিন্ন সভার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।