মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিয়াকতাও শহরের নিকটবর্তী বাজার এবং পাশের একটি সেতু লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হয়। বিদ্রোহীদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩৩ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছে বলে এলাকাটির নিয়ন্ত্রণে থাকা একটি বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে। তবে, এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বিকেলে জানান, ধ্বংসস্তূপ ও দেবে যাওয়া রাস্তার বিভিন্ন স্থানে মানবদেহের ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেখানে ৩০টিরও বেশি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তিনি। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার করা মৃতদেহগুলোকে সারিবদ্ধভাবে সবুজ প্লাস্টিকের শিটের নিচে রাখা হয়েছে।
বাজারটির একজন ব্যবসায়ী খাইন নু জানান, ধ্বংসযজ্ঞের পর তার ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৫৭ বছর বয়সী এই নারী জানান, তার বোন যেখানে ফল বিক্রি করত, সেখানে এখন আর কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। তিনি কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, এ অবস্থায় কোথায় যাবেন বা কী করবেন তা ভেবে পাচ্ছেন না। একই এলাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী খিন মিইন্ত চে বলেন, ফাইটার জেটের বিকট শব্দ শুনে ভয়ে তিনি নিকটস্থ নিরাপত্তা চৌকির কাছে কুঁজো হয়ে লুকিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। খাইন নু আরও বলেন, ‘কোথায় যাব তা-ও বুঝতে পারছি না। আমার ছোট বোনের যে ছোট মেয়েটি এতিম হয়ে গেল, তার জন্যও খুব চিন্তা হচ্ছে। যখনই ভবিষ্যতের কথা ভাবি, আমার বুকটা কষ্টে ফেটে যায়।
২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলমান রয়েছে, যার মধ্যে রাখাইন রাজ্য বর্তমানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-এর তথ্য অনুযায়ী, সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলমান সংঘর্ষ ও সহিংসতায় এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই হামলা বেসামরিক মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ছড়িয়ে পড়া মিয়ানমারের গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য।