রাজধানীর উত্তরায় সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার থেকে শ্রমিকরা এই দাবি জানিয়ে আসছিলেন এবং এর আগে একাধিকবার সড়ক অবরোধের কর্মসূচি পালন করলেও আজই প্রথম তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গত সোমবার থেকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তরায় আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা।
প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রেজাউল করিম জানান, প্রথমে পুলিশ শান্তিপূর্ণভাবে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর আক্রমণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি জানান, শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে প্রায় ১৭-১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে শিল্প পুলিশের এক কনস্টেবলের হাত ভেঙে গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রায় এক ঘণ্টা ধরে এই ধাওয়া পাল্টা-ধাওয়া চলে।