সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে আরোপিত কঠোর বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বুধবার, ২১ অক্টোবর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ রুটে সরাসরি এবং ট্রানজিট মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এর ফলে অন্তত ২০ হাজার ২৫৪ জন যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যমতে, বিঘ্নিত ফ্লাইটের মধ্যে ৬১টি ছিল সরাসরি এবং ৭৩টি ট্রানজিট রুটের। এই তালিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি ফ্লাইট রয়েছে। এছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।