ভারতের গুজরাটের ভরুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
কর্মকর্তাদের তথ্যমতে, শুক্রবার রাত ১০টার দিকে ভরুচ জেলার ভাঘরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে কেমিক্যাল হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালে আকস্মিক বিস্ফোরণ ঘটে এবং দ্রুত মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।
ভরুচের মহকুমা প্রশাসক মনীষা মানানি জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চুল্লির ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং যন্ত্রপাতির ভাঙা অংশ কারখানার বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। মাত্র এক বছর আগে সায়খায় চালু হওয়া এই কারখানাটিতে মূলত ওষুধশিল্পের প্রয়োজনীয় রাসায়নিক উপাদান প্রস্তুত করা হতো। ভরুচের পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা পিটিআইকে জানান, দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ছাড়াও আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইড্রোজেনেশন চলার সময় বিষাক্ত এমডিসি গ্যাস ছড়িয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ডিআইএসএইচ এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে বিস্ফোরণের প্রকৃত কারণ বের করতে যৌথ তদন্ত চলছে।