গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন দায়িত্ব গ্রহণের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান—
ব্যারিস্টার কায়সার কামাল, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদ।
মো. নূরুল ইসলাম, চিফ হুইপ, জাতীয় সংসদ।
রুহুল কুদ্দুস কাজল, অ্যাটর্নি জেনারেল।
ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সচিব, জাতীয় সংসদ সচিবালয়।
এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ছাড়াও তাঁরা নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এর আগে জরুরি এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং ‘অটোনমিক নিউরোপ্যাথি’ (Autonomic Neuropathy) নামক রোগের কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার এই দায়িত্ব পালন করবেন।